বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

ইসলামী ব্যাংকিং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে শক্তিশালী শরীয়াহ অনুশাসনের তাগিদ

বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনায় স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও জনগণের আস্থা নিশ্চিত করতে শক্তিশালী শরীয়াহ অনুশাসনের তাগিদ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) পরিচালক প্রফেসর ড. মো. শিহাব উদ্দিন খান।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোতে শরীয়াহ গভর্ন্যান্স: একটি মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে বক্তব্যকালে তিনি এ তাগিদ দেন।

সেমিনারের উদ্বোধনী বক্তব্য রাখেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার। তিনি বলেন, ইসলামী ব্যাংকিংয়ে শক্তিশালী শরীয়াহ গভর্ন্যান্সের গুরুত্ব এবং এটি কেবল নিয়ন্ত্রক মানদণ্ড পূরণের জন্য নয়, বরং শরীয়াহ নীতি মেনে চলার জন্যও অপরিহার্য হওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

সভাপতির বক্তব্যে বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেন, শরীয়াহ গভর্ন্যান্স কেবল প্রযুক্তিগত মানদণ্ড পূরণে সীমাবদ্ধ নয়; এটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি, পেশাদার দক্ষতা, আমানতকারীর সুরক্ষা, স্বচ্ছতা এবং নৈতিক জবাবদিহিতার ওপরও নির্ভরশীল। বাংলাদেশে যেখানে ইসলামী ব্যাংকিং ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আমানতকারীরা আর্থিক সুরক্ষা ও শরীয়াহ-সঙ্গতি উভয়ই প্রত্যাশা করেন, সেখানে গভর্ন্যান্স শক্তিশালী করা অত্যন্ত জরুরি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী প্রফেসর ড. মো. মহাব্বত হোসেনের নেতৃত্বে গবেষণা দল।

আলোচক প্যানেলে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আবদুল আওয়াল সরকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের স্ট্যান্ডার্ডস সেটিং ডিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর নাবিল আহমাদ প্রমুখ।



Our Like Page