সোমবার (সৌদি স্থানীয় সময় সকাল ১১টা) মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে হজ ও ওমরাহ সংক্রান্ত সেবা, ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দুই দেশই একমত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশি হাজিদের জন্য সেবায় নতুন গতি আসবে।
দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় বন্ধন ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে হজ ও ওমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাব সৌদি মন্ত্রীর কাছে তুলে দেওয়া হয়। বৈঠক শেষে উভয় দেশের পক্ষ থেকে সৌজন্য উপহার বিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা