রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূচনা হয়, যা রাতভর চলতে থাকে এবং সোমবার ভোররাতেও নতুন করে সহিংসতায় রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার আকিব এবং পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
রোববার সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষে একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে আবারও সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত হওয়ার আগেই সোমবার ভোররাতে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাকদী এলাকায় অতর্কিত হামলা চালিয়ে অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়।
এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।