মুক্তির মাত্র সপ্তম দিনে অর্থাৎ বৃহস্পতিবার (২৬ মার্চ) ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২৬ কোটি টাকা (নেট)। এর ফলে হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫শ কোটির ক্লাবে প্রবেশের অনন্য নজির গড়ল ‘ধুরন্ধর ২’।
এর আগে হিন্দি সংস্করণে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ডটি ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’র দখলে, যা এই মাইলফলক স্পর্শ করতে ১১ দিন সময় নিয়েছিল।
এ ছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ ১৭ দিনে এ রেকর্ড গড়েছিল। জাওয়ান, স্ত্রী ২ কিংবা গদর ২- এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকেও এখন আয়ের দৌড়ে পেছনে ফেলে দিয়েছে রণবীরের এই নতুন সিনেমাটি।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন খুব দ্রুত ৬শ কোটি ক্লাবের দিকে এগোচ্ছে এবং আগামী রোববারের (২৮ মার্চ) মধ্যে এর মোট সংগ্রহ ৭শ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
অ্যানিম্যাল কিংবা পাঠানের মতো সিনেমাগুলোকে এরই মধ্যে টপকে যাওয়া ‘ধুরন্ধর ২’ এখন বলিউডের ইতিহাসে অন্যতম সফল স্পাই থ্রিলার হিসেবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। বক্স অফিসের এই জয়জয়কার রণবীর সিংয়ের ক্যারিয়ারে এক নতুন উচ্চতা যোগ করল।