সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শান্তিবাগে অটোরিকশাচালক হত্যায় গ্রেপ্তার ৩

রাজধানীর শান্তিবাগ এলাকায় অটোরিকশাচালক সেকেন্দার হত্যা মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মামুন ওরফে বুলেট মামুন (৩৫), আঁখিশন ওরফে আঁখি ওরফে আকির হোসেন ওরফে মো. হাসান (৪২) ও মো. হান্নান (২৬)।

নাসিরুদ্দিন জানান, নিহত সেকেন্দার একজন অটোরিকশাচালক ছিলেন।

গ্রেপ্তারদের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ভাড়া বাসায় ফিরছিলেন তিনি।
পথে শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকার ১৭ নম্বর ভাঙারি গলির কাছে মামুনের টেইলারিং দোকানের সামনে পৌঁছালে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যান। 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১০ এপ্রিল) রাত ১২টা ৩৫ মিনিটে বাসাবোর মিঠাইগলি এলাকা থেকে আঁখিশন ওরফে আঁখি ও মো. হান্নানকে গ্রেপ্তার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকা থেকে মামুন ওরফে বুলেট মামুনকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মামুন ওরফে বুলেট মামুনের বিরুদ্ধে শাহজাহানপুর ও পল্টন থানায় আগে ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া আঁখিশন ওরফে আঁখির বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।



Our Like Page