সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শহীদ হারুনের পরিবারের জন্য বাড়ি উপহার প্রধানমন্ত্রীর

বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নতুন বাড়ি উপহার পাচ্ছে ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবার।

শহীদ হারুনের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে।

 

রোববার সকালে (১২ এপ্রিল) ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় শহীদ হারুনের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে ও সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল বাড়ি নির্মাণের কাজ উদ্বোধন করেন।

তারা শহীদ হারুনের পরিবারের প্রতি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। 

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা আবুল কাশেম বলেন, ‘‘শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না।

তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন সবসময় নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে যাচ্ছে।’’ 

এ সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপি সদস্য বেলায়েত হোসেন বাচ্চু, পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নইমউল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ভিপি বেলাল, যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেন সুমন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য গেয়াস উদ্দিন ও আহসান উদ্দিন সুমন।

২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্রাংক রোডে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন হারুন। ২০১৭ সালে হীদ হারুনের বড় মেয়ের বিয়ের খরচও বহন করেছিলেন তারেক রহমান।



Our Like Page