দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে দেন হ্যারি কেন। মাইকেল অলিসের পাস থেকে বক্সের কিনারা থেকে চমৎকার এক বাঁকানো শটে গোল করে ব্যবধান ২-০ করেন এই ইংলিশ স্ট্রাইকার।
পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। ইনজুরি কাটিয়ে বদলি হিসেবে জুড বেলিংহাম মাঠে নামলে রিয়ালের খেলায় গতি ফেরে। ৭৪ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলেই সেমিফাইনালের স্বপ্ন এখনো বেঁচে আছে আলভারো আরবেলোয়ার শিষ্যদের।
বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার আজ ছিলেন দুর্দান্ত ফর্মে। এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের একাধিক নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়ে তিনি বায়ার্নের জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে হ্যারি কেন জয়ের তৃপ্তি প্রকাশ করে বলেন, ‘আমরা আজ দুর্দান্ত ফুটবল খেলেছি। তবে কিছু সুযোগ হাতছাড়া হয়েছে। নয়ার অসাধারণ কিছু সেভ করেছে, সব মিলিয়ে আমরা এই জয়ে খুশি।’
অন্যদিকে, রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার হারের জন্য নিজেদের ভুলকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘আমরা সহজ কিছু ভুল করেছি যা এই পর্যায়ে খুব বিপজ্জনক। তবে এমবাপের গোলটি আমাদের এখনো লড়াইয়ে টিকিয়ে রেখেছে।’
আগামী বুধবার বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়ান্স অ্যারেনায় অনুষ্ঠিত হবে ফিরতি লেগ। সেখানে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে খেলতে নামবে জার্মান চ্যাম্পিয়নরা।
আরেক কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্পোর্টিং লিসবনকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। পর্তুগিজ ক্লাবটির দুর্গ এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি নেমে যোগ করা সময়ে গোলটি করেছেন গানার তারকা কাই হাভার্টজ।