মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, রাক্ষস পুরোপুরি কমার্শিয়াল সিনেমা- সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করছে। ছুটির দিনে (শুক্রবার) দর্শক আশানুরূপ ছিল।
প্রথমে শুধু মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছিল ‘রাক্ষস’। এ সপ্তাহ থেকে ৩০টির মত সিঙ্গেল স্ক্রিনে চলছে সিনেমাটি। যোজনা সংস্থা ও প্রদর্শক সমিতির বরাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মনিহার সিনেমা ও মনিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ ও শ্যামলী (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া)সহ আরও বেশ কিছু হলে চলছে ‘রাক্ষস’।
‘রাক্ষস’ মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ হিসেবে নির্মিত। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। এটি প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রডাকশন।
তৃতীয় সপ্তাহেও সিনেমাটির দর্শক রেসপন্স নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, ভালো সিনেমা দর্শকদের কাছে ধীরে ধীরে হরেও স্থান পাবে। প্রথমে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম হওয়ায় দর্শকরা সিনেমাটি দেখতে এসেও দেখার সুযোগ পাননি অনেকেই। ফলে এখনও দর্শকদের চাপ রয়েছে। তৃতীয় সপ্তাহে এসেও সিনেমাটি অলমোস্ট হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি বড় সাড়া পাচ্ছে। কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা যে ধরনের সিনেমা দেখে আনন্দ পান তার সবই এতে রয়েছে।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইতে হয়েছে সিনেমাটির শুটিং। এটি পরিচালকের দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘বরবাদ’ করে দারুণ আলোচনায় আসেন তিনি।