বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শীতের জড়তা কাটিয়ে উষ্ণতায় ফিরছে পর্তুগাল

পর্তুগালে দীর্ঘ শীতের জড়তা কাটিয়ে ফিরছে কাঙ্ক্ষিত উষ্ণ আবহাওয়া। দক্ষিণ-পূর্ব ইউরোপের আটলান্টিকঘেঁষা দেশটিতে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) ও বুধবার (১ এপ্রিল) তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা হতে পারে এই বছরের সর্বোচ্চ।

পর্তুগালের আবহাওয়া সংস্থা ‘লুইসা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আবহাওয়াবিদ আঞ্জেলা লুরেনসো জানান, আগামী ৫ এপ্রিল (রোববার) ইস্টার উৎসবের দিন পর্যন্ত বৃষ্টির কোনো আভাস নেই। ফলে প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় পর্যটকেরা নির্বিঘ্নে উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন।

তবে উৎসব শেষ হওয়ার পরদিন অর্থাৎ ৬ এপ্রিল (সোমবার) থেকে পুনরায় বৃষ্টিপাত শুরু হওয়ার আভাস রয়েছে। 

তিনি বলেন, চলতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার হবে বছরের অন্যতম উষ্ণতম দিন। বিশেষ করে পর্তুগালের দক্ষিণ ও মধ্যাঞ্চলের আলগার্ভ, আলেন্টেজো, টেগাস ভ্যালি এবং ডোরো ভ্যালি এলাকাগুলোতে তাপমাত্রা ২৩ থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকবে।

তবে দিনের বেলা কড়া রোদের আমেজ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা ৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

ফলে দিনের বেলা পাতলা কাপড় পরলেও রাতে হালকা শীতের পোশাকের প্রয়োজন হবে। 



Our Like Page