শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

এসএমই ফাউন্ডেশনের সহায়তায় বছরে উপকৃত ৪৬ হাজারের বেশি উদ্যোক্তা

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসএমই ফাউন্ডেশন। সংস্থাটির ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন কর্মসূচি থেকে সরাসরি উপকৃত হয়েছেন মোট ৪৬ হাজার ৪৫৯ জন উদ্যোক্তা।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে অনুষ্ঠিত ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান ও শিল্পসচিব মো. ওবায়দুর রহমান।

তিনি জানান, উপকারভোগীদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৫৫০ জন, নারী ২২ হাজার ৮৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ৭০ জন রয়েছেন- যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি ইতিবাচক চিত্র তুলে ধরে।

সভায় ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে গত অর্থবছরে মোট ৬৫৬টি কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে, স্বল্প সুদে প্রায় সাড়ে ৩ হাজার মাইক্রো ঋণ বিতরণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে প্রায় ৩৭৩ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান উল্লেখযোগ্য।

সভায় ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রমের ওপর পরিচালনা পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়। পাশাপাশি নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ করা হয় এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, এমন ধারাবাহিক উদ্যোগ দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আরও শক্তিশালী করবে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



Our Like Page