মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

‘বেঞ্চ’ একাদশ নামিয়েও কলম্বিয়াকে হারাল ফ্রান্স

বিশ্বকাপের প্রস্তুতিতে পরীক্ষামূলক একাদশ নামিয়েও দাপট দেখাল ফ্রান্স। কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের নায়ক দিজিরে দুয়ে। ম্যাচে জোড়া গোল করেন তিনি, অন্য গোলটি আসে মার্কাস থুরামের কাছ থেকে।

কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হামিন্তন কামপাস। 

এর আগে বৃহস্পতিবার ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল ফ্রান্স, যেখানে গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে ও উগো একিটিকে।

এই ম্যাচে আগের একাদশের কাউকেই খেলাননি কোচ দিদিয়ে দেশম। পুরো ভিন্ন একাদশ মাঠে নামিয়ে স্কোয়াডের গভীরতা যাচাই করেন তিনি, আর সেই দলই উপহার দেয় আত্মবিশ্বাসী পারফরম্যান্স।

 

শুরুর দিকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। প্রথমার্ধেই ১২ মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় তারা।

২৯তম মিনিটে কলম্বিয়ার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিচু শটে গোল করেন পিএসজির উইঙ্গার দুয়ে।

জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার প্রথম গোল। 

৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থুরাম। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে ছয় গজের বাইরে থেকে শক্ত হেডে বল জালে জড়ান ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক থাকে ফ্রান্স। ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দুয়ে।

থুরামের পাস পেয়ে বক্সে ফাঁকা জায়গায় শট নিলে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে ঢুকে পড়ে। 

৬৩ মিনিটে দুয়েকে তুলে নিয়ে একিটিকেকে নামান দেশম। অন্যদিকে কলম্বিয়ার কোচও নিষ্প্রভ থাকা হামেস রদ্রিগেস ও লুইস দিয়াসকে তুলে নেন।

৭৭ মিনিটে ব্যবধান কমায় কলম্বিয়া। বক্সে পাস পেয়ে কোনাকুনি শটে গোল করেন কামপাস।

এরপর ম্যাচে নামেন এমবাপ্পে, থুরামের বদলি হিসেবে। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ড ছোঁয়ার খুব কাছে আছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ৮৫ মিনিটে তার একটি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন এক ডিফেন্ডার। যোগ করা সময়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

 



Our Like Page