রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে নেতাকর্মীদের ভিড়ে রাস্তা বন্ধ হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) রাতে তিনি নেতাকর্মীদের স্পষ্ট জানিয়ে দেন, মানুষের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। রাস্তা আটকে জনদুর্ভোগ সৃষ্টি করলে তিনি আর অফিসে আসবেন না বলেও সাফ জানিয়ে দেন।
দেশের মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে।
কাজেই এখানে যে সব নেতাকর্মী আছেন, সারা দেশে আমাদের যে সব নেতাকর্মী আছেন, আমাদের আইন-শৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়-সেই জিনিসগুলো করা যাবে না।
বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি বলেন, দেশে অনেক সমস্যা আছে। মানুষকে বোঝাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে।
আমাদের অনেক কাজ আছে। প্রথম এক নম্বর কাজ হচ্ছে রাস্তা ক্লিয়ার করতে হবে, অফিসে যাতে আমি আসতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারবো, আপনাদের সহযোগিতা না থাকলে আমি অফিসে আসতে পারবো না।