টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৫ জনের মরদেহ নিজ গ্রাম গাইবান্ধার সাদুল্লাপুরে পৌঁছেছে। একসঙ্গে পাঁচজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
শনিবার (২৮ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে একটি মিনি ট্রাকে করে নিহতদের মরদেহ নিজপাড়া গ্রামে আনা হয়। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।
নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তারা হলেন-নার্গিস (৩৫), তার ছেলে নীরব (১১) এবং নার্গিসের আত্মীয় দোলা (৩৫)। এছাড়া একই এলাকার সুলতান (৩০) ও রিপা (২০) নামের আরও দুজন এই দুর্ঘটনায় প্রাণ হারান।
সরেজমিনে দেখা যায়, পুরো গ্রাম যেন শোকে স্তব্ধ।
প্রিয়জন হারানোর বেদনায় বারবার মূর্ছা যান স্বজনরা। একই দিনে পাঁচজনের লাশ গ্রামে পৌঁছানোয় নেমে এসেছে নীরবতা ও শোকের ছায়া।
নিহত নীরবের বাবা জানান, ঈদের পরদিন বড় ছেলের বিয়ে দেওয়ার পর স্ত্রী ও ছোট ছেলেসহ পরিবারের সদস্যরা ঢাকায় পোশাক কারখানার কাজে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাদত হোসেন জানান, বাদ জোহর জানাজা শেষে নিহতদের দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় ট্রেনে কাটা পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।