রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে মেসি, পেছাল প্রস্তুতি ম্যাচ

নতুন মৌসুম শুরুর আগমুহূর্তে দুঃসংবাদ পেয়েছে ইন্টার মায়ামি। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় প্রাক-মৌসুমের শেষ প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না লিওনেল মেসি। তার অনুপস্থিতির কারণে ম্যাচটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

বুধবার দলের অনুশীলনে দেখা যায়নি আর্জেন্টাইন এই তারকাকে।

গত শনিবার একুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসির বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করলেও ওই ম্যাচেই চোটে পড়েন তিনি। ম্যাচের ৬০ মিনিটের পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। 

এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানিয়েছে, মেসির প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে। ক্লাবটি জানায়, ‘মেসির অনুশীলনে ফেরা তার ধাপে ধাপে উন্নতির ওপর নির্ভর করবে।

’ তবে সম্ভাব্য ফেরার সময়সীমা নিয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। 

শুক্রবার একুয়েডরের আরেক ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের বিপক্ষে মায়ামির শেষ প্রাক-মৌসুম ম্যাচ হওয়ার কথা ছিল। সেটি এখন পিছিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি আয়োজন করা হবে।

এর আগে ২১ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে মেজর লিগ সকারের নতুন মৌসুম।

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইন্টার মায়ামি। তবে মৌসুমের শুরুতেই মেসির ফিটনেস পরিস্থিতি দলটির জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে।



Our Like Page