বাংলাদেশের মানুষ যেই দলকে নির্বাচিত করবে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সে সরকারের সঙ্গেই কাজ করবে। গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
চীনের সঙ্গে নির্দিষ্ট ধরনের সম্পৃক্ততার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশ সরকারকে স্পষ্টভাবে অবহিত করতে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর পক্ষ থেকে বিভিন্ন বিকল্প প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার সুযোগ রয়েছে, যা চীনের তৈরি সিস্টেমগুলোর বিকল্প হতে পারে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক দেখতে চায়, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে সহায়তা করবে।
ক্রিস্টেনসেন বলেন, বাণিজ্য কূটনীতি আমাদের শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি।
অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের যে অগ্রগতি হয়েছে, নির্বাচিত সরকারের সঙ্গে আমরা তা আরও এগিয়ে নিতে চাই। বহু মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে। তবে তারা চায় নতুন সরকার শুরুতেই স্পষ্ট বার্তা দিক যে, তাদের আমলে বাংলাদেশ হবে ব্যবসাবান্ধব।
রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র একাই এই বিশাল বোঝা অনির্দিষ্টকাল বহন করতে পারবে না
রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অংশীদারদের এগিয়ে আসা জরুরি। তবে সম্প্রতি জাতিসংঘের সঙ্গে ২০০ কোটি ডলারের একটি বৈশ্বিক অর্থায়ন চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র, যার একটি বড় অংশ বাংলাদেশে ব্যয় করা হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন