রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, কোনোভাবেই চাই না: ডা. শফিকুর রহমান

মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, আমরা কোনোভাবেই চাই না বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেড় যুগ দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই। আমিও পারি নাই।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয়নি। তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। 

তিনি আরও বলেন, আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহতাআলা এই ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করে দিন-দোয়া করি।

যুবসমাজ, যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, এই ভোটটার জন্য তারা অপেক্ষায় ছিল। এই ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সন্ত্রাস-দখলমুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক-আমরা দোয়া করি। ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠন হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না, বরং ১৮ কোটি জনগণের সরকার হবে। আমরা সেই সরকার গঠনের জন্য আশাবাদী
জামায়াতের আমির বলেন, আমরা এই কেন্দ্র থেকে শুরু করলাম, পরবর্তীতে অন্যান্য কেন্দ্রেও যাব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশটা আমাদের সকলের। এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত রেখে। মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে।

মিডিয়া দেশের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। আমি আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাব। দেশ গড়ার কাজে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। 

তিনি আরও বলেন, ছোটখাটো কিছু বিষয় হলে আমরা অবশ্যই উপেক্ষা করব। কিন্তু বড় কোনো বিষয় হলে ছাড় দেব না, আমাদের যা করার প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, আমরা কোনোভাবেই চাই না। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ফলাফল যেটাই হোক, সেই ফলাফল আমরাও মানব, অন্যদেরও মানতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ করা হবে। একটি আসনে (শেরপুর-৩) নির্বাচন স্থগিত রয়েছে।



Our Like Page