ঢাকা: প্রথমবারের মতো ভোট দিতে এসে বিশ্ববিদ্যালয় ছাত্র মাহমুদ সালেহীন শাবাবের চোখেমুখে ছিল উচ্ছ্বাস। তিনি বলেন, “খুবই ভালো লাগছে। পরিবেশ খুবই সুন্দর।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্লবীর এমডিসি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কথা হয় তার সঙ্গে।
ঢাকা–১৬ আসনের এ কেন্দ্রটিতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
শাবাবের সঙ্গে কেন্দ্রে এসেছেন তার বাবা জাহিদ মাহমুদ, পেশায় একজন ব্যাংকার। ছেলের প্রথম ভোটের মুহূর্তটি স্মরণীয় করে রাখতে ছবি তুলতে দেখা যায় তাকে।
শাবাব জানান, কীভাবে ভোট দিতে হয় তা তিনি জেনেছেন।
দুটি ব্যালটে ভোট দিতে হবে সেটিও তার জানা। এ প্রসঙ্গে তার বাবা বলেন, “আমার খুবই অসাধারণ লাগছে। সরকারের সমালোচনা করি, কিন্তু আমাদের দায়িত্ব আছে। ভোট যেন নষ্ট না হয়, সেটাই চাই।
যদি ৫০ শতাংশের কম ভোট পড়ে, তাহলে আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠতে পারে।”
পল্লবীর আরেক ভোটার বলেন, কাকে ভোট দেওয়া হচ্ছে সেটি বড় বিষয় নয়, ভোটে অংশ নেয়াই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “ভোটকেন্দ্রে আসা উচিত। এই সংস্কৃতি গড়ে ওঠা দরকার। সবাইকে বলছি, ভোটকেন্দ্রে আসুন।
চার দিনের ছুটি শুধু খিচুড়ি আর গরুর মাংসে সীমাবদ্ধ রাখবেন না।”
আরেক ভোটার মৃণাল মাহমুদ জানান, আগে ভোটার হলেও এবারই প্রথম ভোট দিলেন তিনি। তার ভাষায়, “অনুভূতি খুবই ভালো।”