শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

পদ ছাড়ছেন সাকি, দায়িত্ব নিচ্ছেন নিলু

গণসংহতি আন্দোলনের ‘প্রধান সমন্বয়কারী’ পদ থেকে সরে যাচ্ছেন সংগঠনটির শীর্ষ নেতা জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকির অবর্তমানে দলটির বর্তমান রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু অন্তর্বর্তীকালীন প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেতে যাচ্ছেন।

গণসংহতি আন্দোলনের দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দলীয় সূত্রে জানা যায়, সকারের মন্ত্রণালয় এবং সংসদ সদস্যের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দলীয় কাজে আগের মত সময় দিতে পারছেন না, তাই প্রধান সমন্বয়কারীর পদ ছেড়ে দিচ্ছেন।

আগামীকাল জোনায়েদ সাকি পদ ছাড়ার পর নতুন করে দায়িত্ব পেতে পারেন দেওয়ান আব্দুর রশিদ নীলু। 

এদিকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকার হাতিরপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রধান সমন্বয়কারীর দলীয় দায়িত্ব বিষয়ে অবহিত করতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জোনায়েদ সাকি।

আরও উপস্থিত থাকবেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় নেতারা। 

দেওয়ান আব্দুর রশিদ নীলু বর্তমানে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি বরিশাল জেলার সমন্বয়কারী ও বাংলাদেশ কৃষক-মজুর সংহতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেওয়ান আব্দুর রশিদ নীলু ১৯৫৬ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।

১৯৬৯ সালে শ্রমিক আন্দোলনের সাথে জড়িয়ে রাজনীতিতে আসেন তিনি। অংশ নেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের অধীনে বরিশালের পেয়ারা বাগানে যুদ্ধ করেন তিনি। 

বরিশাল অঞ্চলে শ্রমিক-কৃষকের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম পুরোধা দেওয়ান আব্দুর রশিদ নীলু। বরিশাল, পটুয়াখালী, ভোলা, খুলনা, বাগেরহাট অঞ্চলে শ্রমিক-কৃষকদের সংগঠিত করতে নিরলসভাবে কাজ করেন তিনি।

শ্রমিক রাজনীতির জন্য ১৯৭৫ সালে কারাবরণ করে ১৯৭৯ সাল পর্যন্ত জেলবন্দি ছিলেন তিনি। 

১৯৮৯ সালে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়ে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দেওয়ান আব্দুর রশিদ নীলু। ২০০৬ সালে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ সংগঠনের।

২০০৯ সালে গণতান্ত্রিক মজদুর পার্টিতে যোগদান করেন দেওয়ান আব্দুর রশিদ নীলু। এসময় থেকেই গণতান্ত্রিক মজদুর পার্টি ও গণসংহতি আন্দোলনের মধ্যে ঐক্য আলোচনা চলমান ছিল। পরবর্তীতে ২০১০ সালে গণসংহতি আন্দোলন ও গণতান্ত্রিক মজদুর পার্টি একীভূত হয়ে গণসংহতি আন্দোলন নামে ঐক্যবদ্ধ হয়।

২০১৬ সালে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন দেওয়ান আব্দুর রশিদ নীলু। পরবর্তীতে ২০২১ সালে দলের ৪র্থ ও ২০২৫ সালে ৫ম জাতীয় সম্মেলনে রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে পুননির্বাচিত হন তিনি।

গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ আব্দুর রহিম সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন।

চলতি বছরের ৮ মে বিশেষ সাংগঠনিক সম্মেলনে দলটির শীর্ষ নেতা নির্বাচিত করা হবে।



Our Like Page